নিয়োগ নিয়ে রাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৬ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মামুনুর রশীদ ১২২ জন চাকরি প্রত্যাশীর নিয়োগ নিশ্চিত করে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর নিয়ে উপাচার্যের বাসভবন থেকে বেরিয়ে আসছেন। এমন খবর পেয়ে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে মারধর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে আনতে গেলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে চলে গেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাবি ভিসি আব্দুস সোবহানের মেয়াদের শেষ দিন। তিনি চাকরি প্রত্যাশী ১২২ জন ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়োগ দিয়েছেন বলে প্রচার হলে মহানগর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে গিয়ে হামলা করে। এ ঘটনার পর রাবি ছাত্রলীগ ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা ভিসির ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের এডিসি মো. একরামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঘটনার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম লুৎফর রহমানকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
রাজশাহী বার্তা/admin






